গাজীপুরের কালীগঞ্জ জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের অবহেলায় শিরিনা আক্তার (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬ আসামিকে জেলগেটে দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্ত অগ্রগতির জন্য গ্রেফতারকৃত দুই আসামিকে আরও ৫ দিনের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান খান।
এসআই জানান, কালীগঞ্জ জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় নিহত প্রসূতির স্বামী উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের মোহাম্মদ আবদুর রাজ্জাক মিয়া (৩৯) বাদী হয়ে চিকিৎসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদসহ ৯ জনের নামে ও ৭ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতার ৬ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গত ২৫ আগস্ট আদালতে আবেদন করা হয়। রিমান্ড শুনানি শেষে গ্রেফতারকৃত আসামিদের ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক রাগীব নূর।
অভিযুক্ত আসামিরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার থানার আগদেউলি গ্রামের চাঁন মিয়ার ছেলে ওটি বয় আশিকুর রহমান আশিক (২৫), কালীগঞ্জের পিপ্রাশৈর গ্রামের অরুন কস্তার মেয়ে সিনিয়র নার্স সংগিতা তেরেজা কস্তা (৩৩), তুমলিয়া গ্রামের ক্লেমেন্ট ক্রুশের স্ত্রী জুনিয়র নার্স মেরী গমেজ (৪০), একই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে হাসপাতালের অন্যতম অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক বন্যা আক্তার (৩১), ঢাকার লালবাগ এলাকার ধানেছ আলীর মেয়ে রিসেপশনিস্ট শামীমা আক্তার (৩২), বালীগাঁও গ্রামের শরিফ মিয়ার স্ত্রী নার্স সীমা আক্তার (৩৪)। তাদের সবাইকে গ্রেফতার করেছে র্যা ব।
এ ছাড়াও বালীগাঁও গ্রামের শফিকুল ইসলামের ছেলে জনসেবা হাসপাতালের ব্যবস্থাপক জহিরুল ইসলাম (৩১), টাঙ্গাইল সদরের পাড়াদিঘুলীয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ (৫০) এবং মাগুরা জেলার মহম্মদপুর থানার নজির মিয়ার ছেলে প্যাথলজিস্ট শাওন (২৪) নামের তিনজন আসামি পলাতক রয়েছেন।
এসআই মো. মশিউর রহমান খান আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের গত দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্ত অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে মামলা তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না বলেও তিনি জানান। কিন্তু অধিকতর তদন্তের জন্য গ্রেফতারকৃত বন্যা আক্তার (৩১) ও আশিকুর রহমান আশিক (২৫) নামের দুই আসামিকে আরও ৫ দিনের জন্য গাজীপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা।
