কানাডায় 'সিরিজ' ছুরিকাঘাত: হামলাকারীর লাশ উদ্ধার 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০

কানাডার মধ্য সাসকাচোয়ান প্রদেশে গত রবিবার (৪ সেপ্টেম্বর) এলোপাথাড়ি ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। প্রদেশটির মোট তেরটি ভিন্ন ভিন্ন জায়গায় এই ছুরিকাঘাতের শিকার আহত ও নিহত ব্যক্তিদের পাওয়া যায়। হামলার পর থেকে সন্দেহভাজন দুই হামলাকারী পলাতক ছিল। তবে সর্বশেষ আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিবিসির খবরে বলা হয়েছে, এক হামলাকারীর লাশ উদ্ধার করা হয়েছে। 

কানাডার পুলিশ বলেছে, রবিবারের হামলার সন্দেহভাজন এক হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রেড ইন্ডিয়ান আদিবাসী প্রধান এলাকা জেমস স্মিথ ক্রি নেশনে ৩১ বছর বয়সী ডেমিয়েন স্যান্ডারসনের লাশ পাওয়া গেছে। 

দুই হামলাকারী একে অপরের ভাই। আরেক সন্দেহভাজন হামলাকারী ৩০ বছর বয়সী মাইলস স্যান্ডারসন এখনো পলাতক আছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে বিবিসি জানায়, রবিবার স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে সাসকাচোয়ান প্রদেশের রাজধানী রেজিনা থেকে পুলিশের কাছে প্রথম জরুরি ফোন কলটি আসে। এরপর সাহায্য চেয়ে একের পর এক ফোন আসতে থাকে। সন্দেহভাজনদের শেষবার রবিবার দুপুরের খাবারের সময় রেজিনাতে দেখা গেছে।

দ্বিতীয় হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর