সাড়ে ১০ লাখ টন চাল-গম কেনা হচ্ছে: খাদ্যমন্ত্রী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭

সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে ১০ লাখ ৩০ হাজার টন চাল ও গম কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ থাকার পরও সরকারিভাবে খাদ্যশস্যসহ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বোরো সংগ্রহ অভিযান ও চলমান খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচিসহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী জানান, সরকারিভাবে ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল, মিয়ানমার থেকে ২ লাখ টন চাল এবং ভারত থেকে এক লাখ টন চাল কেনা হচ্ছে। এ ছাড়া রাশিয়া থেকে ৫ লাখ টন গম কেনা হবে। পর্যায়ক্রমে চার মাস ধরে এই গম রাশিয়া থেকে আসবে।

ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি চালু করার কারণে দেশের বাজারে এখন চালের দাম নিম্নমুখী বলেও দাবি করেন তিনি বলেন, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচিও সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিলে চালু রাখা হবে।

ইত্তেফাক/এআই