রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। তার আগেই সিনেমা নিয়ে মামলা গড়ালো আদালতে।
যদিও মামলার ফলাফলে হাসিই ফুটেছে সিনেমার প্রযোজকদের মুখে। দিল্লি হাইকোর্টের নির্দেশ, মুক্তির পরই কোনো ওয়েবসাইটে সিনেমাটির স্ট্রিমিং করা যাবে না। করলে কড়া ব্যবস্থা। তারকা দম্পতির এই সিনেমার প্রযোজক স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তারা একটি মামলা করেছিল। সেই মামলাতেই সম্প্রতি দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় যে, ‘ব্রহ্মাস্ত্র’ যখন প্রেক্ষাগৃহে চলবে বা মুক্তির অল্প কিছু দিনের মধ্যে তা কোনো ওয়েবসাইটে দেখানো যাবে না। এতে যেকোনো সিনেমার ব্যবসায়ে ধাক্কা খায়।
কোর্ট জানায়, এটা আর নতুন করে বলতে হবে না যে, কপিরাইট রয়েছে এমন কনটেন্ট ভুয়া ওয়েবসাইটে দেখানো বন্ধ করা উচিত। এসবের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। কারণ একটি সিনেমা তৈরি ও সেটির প্রচারে বহু টাকা খরচ করেন প্রযোজকরা। সেই সিনেমা লাভের মুখ না দেখলে বিপাকে পড়েন তারা। কাজেই, মুক্তির পরই সিনেমা ওয়েবসাইটে দেখানো যাবে না।
এদিকে ‘ব্রহ্মাস্ত্র’র একের পর এক টিজার প্রকাশ করছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। পরিচালক করণ জোহর এ সিনেমায় রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, দক্ষিণী তারকা নাগার্জুন ও মৌনি রায়।

