বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. ভারতী প্রভীন পাওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে ভুটানের পারো শহরের হোটেল লা মেরিডিয়ানে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য আলাপ-আলোচনা হয়। অলটারনেটিভ মেডিসিন, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতা, তথ্য বিনিময়, ভ্যাকসিন উত্পাদন, ওষুধ উত্পাদন, ট্রেডিশনাল মেডিসিন, চিকিত্সা সরঞ্জাম উত্পাদন, ল্যাব ইকুইপমেন্ট, যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে যৌথ প্রচেষ্টা, মেডিক্যাল ভ্রমণে সমঝোতা স্মারক, ফার্মাসিউটিক্যালস সেক্টরের উন্নয়ন, ডিজিটাল হেলথ সার্ভিসেস প্রভৃতি বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতা ও যৌথভাবে কাজ করার জন্য মত বিনিময় হয়। বৈঠকে করনাকালীন বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের প্রতি সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশের নিজস্ব কারখানায় ভ্যাকসিন, ওষুধ উত্পাদনসহ অন্যান্য স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভারত সরকারের বিশেষ সহযোগিতার কথা তুলে ধরলে ভারতীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত সোমবার থেকে পাঁচ দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সভা ভুটানের পারো শহরে শুরু হয়েছে। এই সভায় অংশ নিতে বর্তমানে বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যমন্ত্রী ভুটানে অবস্থান করছেন।
