সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না চেলসির। এই মৌসুমের শুরু থেকেই ঘরোয়া লিগে বেশ কঠিন সময় পার করছে দলটি। এবার চ্যাম্পিয়নস লিগের শুরুটাও হলো দুর্দান্ত রকমের খারাপ। গতরাতে ডায়নামো জাগরেবের কাছে ১-০ গোলের হারটাই যেন কাল হয়ে এলো কোচ থমাস টুখেলের জন্য।
দায়িত্ব নেয়ার ছয় মাসের মাথাতেই চেলসিকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। এবার মুদ্রার উল্টা পিঠটাও দেখে ফেললেন এই জার্মান কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে শুরুর সাথে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই হার, দায়িত্ব নেয়ার ১০০ দিনের মাথাতেই প্রথম কোচকে বরখাস্ত করলো চেলসির নতুন মালিক টড বোয়েলি। আজ স্থানীয় সময় সকালে যখন চেলসি তাদের ওয়েবসাইটে থমাস টুখেলকে বরখাস্ত করার ঘোষণা দেয়।
দলের পক্ষ থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, 'নিজের দায়িত্বের সময়কালে সকল প্রচেষ্টার জন্য থমাস এবং তার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জেতার জন্য থমাস চেলসির ইতিহাসে জায়গা করে নেবেন।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন মালিক ক্লাবের দায়িত্ব নেওয়ার ১০০ দিনে এসে পৌঁছেছে। কর্তৃপক্ষ ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে এবং তারা বিশ্বাস করে এই সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময়।
দলবদলের বাজারে কাড়ি কাড়ি টাকা ঢালার পরেও নতুন মৌসুমটা যাচ্ছেতাই যাচ্ছিলো লন্ডনের ক্লাবটির। প্রিমিয়ার লিগে প্রথম ছয় ম্যাচের মধ্যে জয় মাত্র তিনটিতে। হেরেছে দুই ম্যাচে, বাকি একটি ড্র। পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে রয়েছে দ্য ব্লুজরা। মৌসুমের শুরুতে এমন খারাপ পারফরম্যান্সের জন্য টুখেলের উপর একটা চাপ আসবে এটা যেন অনুমিতই ছিলো, তবে নতুন মালিক যে কোচকে সোজা বরখাস্ত করবেন এমনটা ভাবেননি হয়তো কেউই।
চেলসির আগের মালিক রোমান আব্রামোভিচের একটা দুর্নাম ছিলো কোচ ছাটাইয়ের। কিছু থেকে কিছু না হতেই বরখাস্ত হতে হয়েছে অনেককেই। নতুন মালিক টড বোয়েলির হাতে দায়িত্ব যাওয়ার পরও চিত্র যেন সেই একই। দায়িত্ব নেয়ার তিন মাসের মাথাতে স্ট্যামফোর্ড ব্রিজে কোচ বদলের নজির দেখালো চেলসির নতুন মালিক।
এদিকে, চেলসির নতুন কোচ কে হবে তা নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যম গুলোর সূত্র অনুযায়ী চেলসির নতুন কোচ হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন গ্রাহাম পর্টার আর মরিসিও পচেত্তিনো।
