উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: রাতে মাঠে নামবে বার্সেলোনা, লিভারপুলের মুখোমুখি নাপোলি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৫

গতরাতে শুরু হয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের লড়াই। শিরোপা ধরে রাখার যুদ্ধে সেল্টিককে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ শিরপা জিততে মুখিয়ে থাকা পিএসজি নিজেদের মাঠে জুভেন্টাসকে হারিয়েছে এমবাপ্পের জোড়া গোলে। অন্যদিকে ড্যানামো জাগরেবের সঙ্গে প্রথম দেখাতেই হেরে গেছে চেলসি। ইউরোপীয় ফুটবইলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, ইংলিশ জায়ান্ট লিভারপুল আর ইতালিয়ান জায়ান্ট নাপোলি।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাঠ স্পোটিফাই ন্যু ক্যাম্পে চেক রিপাবলিকান ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। এদিকে ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল আর নাপোলি। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়

বার্সেলোনা শেষ চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিলো ২০১৪-১৫ মৌসুমে। তারপর থেকে ইউরোপের মঞ্চে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কাতালান ক্লাবটির। গত মৌসুমে তো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে খেলতে হয়েছে উয়েফা ইউরোপা লিগেও। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে হারানোসহ কোচ বদল আর আর্থিক অবস্থার অবনতিতে বেশ খারাপ একটা সময় পার করেছে বার্সেলোনা। এর ভেতরেই মৌসুমের মাঝামাঝি নিজেদের কিংবদন্তি জাভি হার্নান্দেজকে দলের কোচের দায়িত্ব দিয়ে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনে বার্সেলোনা। তার অধীনে সকল বাঁধা পেরিয়ে নতুন করে আলোর মুখ দেখতে শুরু দলটি। দলবদলের বাজারে কয়েকটি ভালো সাইনিং করিয়ে দলের ভারসাম্যও যথেষ্ট ভালো এখন।  

তবে এবারের চ্যাম্পিয়ন লিগের যাত্রাটা খুব একটা সহজ হবে না বার্সেলোনার জন্য। গ্রুপ ‘সি’তে তাদের সঙ্গী বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলানের মতো দল। তবে আজ অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বার্সেলোনা। এছাড়া নিজেদের ঘরের মাঠে ম্যাচে সহজ জয়ই আসা করছে দলটি। এর আগে ২০১৮-১৯ মৌসুমেও গ্রুপ পর্বে দেখা হয়েছিলো দুই দলের। সেবার দুই ম্যাচেই জয়ী দলের নাম ছিলো বার্সেলোনা।

এদিকে, কোচের জন্যও বেশ নির্ভার থাকার ব্যাপার যে দলের সকলে আছেন ফর্মে। বায়ার্ন থেকে উড়িয়ে আনা গোলমেশিওন লেওয়ানডভস্কি যেন পুরোনো ছন্দেই গোল করে যাচ্ছেন নিয়মিত। লিডস থেকে দলে আসা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহাও রয়েছেন দুর্দান্ত ফর্মে। এছাড়া আজ সহজ প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলা কাউকে বিশ্রামও দিতে পারেন জাভি। 

অন্যদিকে, রাতের আরেক হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট লিভারপুল আর ইতালিয়ান জায়ান্ট নাপোলি। বর্তমানে সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না লিভারপুলের। প্রিমিয়ার লিগের শুরুটা আশানুরুপ করতে পারেননি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিগের সর্বশেষ দুই ম্যাচেও জয়ের মুখ দেখেনি অলরেডরা। আজ চ্যাম্পিয়ন লিগের লড়াইটা জয় দিয়েই শুরু করতে চাইবে সালাহ-নুনেজরা। 

আজকের ম্যাচে সাম্প্রতিক সময়ে খেলার মানে এগিয়ে থাকার কথা লিভারপুলেরই। তবে পরিসংখ্যান এগিয়ে রাখবে নাপোলিকে। দুই দলের আগের চার দেখায় নাপোলির জয় ২টিতে আর লিভারপুলের ১টি জয়ের সাথে আরেকটি ম্যাচ হয়েছে ড্র। তবে নাপোলির সেই আগের সময়টা পেছনে ফেলে এসে বর্তমানে জায়ান্ট তকমা থেকেই যেন পিছিয়ে যেতে শুরু করেছে দলটি। সামগ্রিক দিক বিবেচনায় আজকের ম্যাচে লিভারপুলের জয় নিয়েই আশাবাদী থাকবে দলের ভক্ত সমর্থকেরা।

ইত্তেফাক/এসএস/এএইচপি