নিখোঁজের ৪ দিন পর বালু শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চারদিন পর বাদল শেখ (৪৫) নামে এক বালু শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদি ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন বাদল। 

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওবাদুল ইসলাম নামে আলগীর চর গ্রামের এক ব্যক্তিকে আটক করেছে। 

নিহত বাদল শেখ বরিশাল জেলার বানারীপাড়ার বিশারকান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে। তিনি ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেনের বালুর বুস্টার মেশিনের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

নিহত বাদল শেখের ভাই রবিউল জানান, বাদল শেখের সঙ্গে শনিবার (৩ সেপ্টেম্বর) রাত নয়টায় তার শেষ কথা হয়। এরপর থেকে বাদলের কোন খোঁজ পাওয়া যায় নি। ভাই রবিউল দাবি করেন, বাদলকে হত্যা করা হয়েছে। 

তার দাবি, নোয়াগাঁও ইউনিয়নের নাসিরউদ্দিন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার দেলোয়ার হোসেন দিলুর আর্থিক লেনদেন নিয়ে কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়। এসময় তারা বাদলকে হত্যার হুমকি দিয়েছিলো। বাদলের মৃত্যুর ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে বলে ধারণা রবিউলের। 

বালু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, নিহত বাদল শেখ তার বুস্টার মেশিনের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

তিনি বলেন, মোবাইল বন্ধ থাকায় ভেবেছিলাম বাদল বাড়িতে চলে গেছে। চারদিন পর আজ সকালে বুস্টার মেশিন ঘরের সামনে তার লাশ পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/এমএএম