ইউল্যাব টিভি আয়োজিত ‘সেলিব্রেটিং লিগেসি’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:২০

অনুষ্ঠিত হলো শিক্ষানবিশ কার্যক্রম ইউল্যাব টিভির নবম জন্মবার্ষিকী ও ডাব্লিউইউআরআই গ্লোবাল র‌্যাঙ্কিংয়ের ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন’ বিভাগে স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ‘সেলিব্রেটিং লিগেসি’। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধানমন্ডিতে ইউল্যাবের গবেষণা ভবনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ‘এখন টিভির’ এডিটরিয়াল হেড জনাব তুষার আবদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ইউল্যাব এমএসযে ডিপার্টমেন্টের হেড ড. জুড উইলিয়াম হেনিলো।

ইউল্যাব টিভিকে ও ইউল্যাবকে অভিনন্দন জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন তুষার আব্দুল্লাহ। তার বক্তব্যে ফুটে উঠে নিউজ ইন্ডাস্ট্রির সাম্প্রতিক বিভিন্ন ব্যর্থতা ও গ্লানি। তার মতে সাংবাদিকতার এই শিল্পকে আবার চাঙা করে তুলতে পারে গল্প বলার শৈল্পিকতা। এছাড়াও ইউল্যাব টিভির মতো শিক্ষানবিশ কার্যক্রমগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি তার অভিজ্ঞ পরামর্শ দেন ভবিষ্যৎ সাংবাদিকদের উদ্দেশ্য করে।

মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজম ডিপার্টমেন্টের হেড জুড উইলিয়াম হেনিলো তার বক্তব্যে ইউল্যাব টিভির প্রতি অভিনন্দন ব্যক্ত করে ইউল্যাব টিভির যাত্রা শুরুর গল্প উপস্থিত থাকা তরুণ সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন। তার বক্তব্যে ইউল্যাব টিভিসহ এমএসজে ডিপার্টমেন্টের সব শিক্ষানবিশ কার্যক্রমে গুরুত্ব ফুটে ওঠে। এরপর প্রধান অতিথি তুষার আব্দুল্লাকে ক্রেস্ট ও সুভেনিয়র প্রদান করেন তিনি।

‘ইউল্যাব টিভি’ ইউল্যাবের একটি অভ্যন্তরীণ শিক্ষানবিশ কার্যক্রম যা মূলত শিক্ষার্থীদের সাহায্য করে জার্নালিজম জগতের সব টেকনিক্যাল বিষয় আয়ত্ত করতে। এই কার্যক্রমটি সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের দ্বারা চালিত এবং তাদের পথপ্রদর্শক হিসেবে রয়েছেন ইন্সট্রাক্টর ও অ্যাডভাইজার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাব টিভির অ্যাডভাইজার মাহামুদূন নবী ও প্রোগ্রাম ইন্সট্রাক্টর হুমায়ূন ফরীদ। সবশেষে অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করা হয় ইউল্যাব টিভির নবম জন্মবার্ষিকী। জাঁকজমকপূর্ণ বিনোদন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘটে ইউল্যাব টিভির ‘সেলিব্রেটিং লিগেসি’র।

ইত্তেফাক/এএইচপি