গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের গুড় তৈরি কারখানার মালিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি নাজমুল হুসাইন।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেজাল গুড় তৈরির কারাখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় কারাখানায় নোংরা পরিবেশে পচা গুড়, ফিটকিরি, চিনি, রাসায়নিক দ্রব্য পাওয়া যায়।
জানা যায়, পানির সঙ্গে ফিটকিরি, চিনি, রাসায়নিক দ্রব্য মিশিয়ে এই গুড় তৈরি করা হয়। কারখানাটি পরিচালনা করতেন নূরুল ইসলাম (৬০)। তিনি খিরাটি গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন বলেন, ‘কারখানার মালিক নূরুল ইসলামকে এসব অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ভেজাল গুড় এবং গুড় তৈরির মালামাল জব্দ করে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করে দেওয়া হবে।’
