খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:২০

খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৫৫) নামে পুলিশের একজন উপ-পরিদর্শক (এস আই) নিহত হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার পর নগরীর খানজাহান আলী থানার আফিলগেট বিকেএসপির সামনে বাইপাস রোডে এ দুর্ঘটনাটি ঘটে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন। নিহত এসআই যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামের আফতাব আলী সরদারের ছেলে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে আমাদের ডিউটি থাকে। বুধবার রাতেও ছিল। সিএনজিতে আমাদের কয়েকজন পুলিশ সদস্য ও একজন এসআই আব্দুল হক ডিউটিতে ছিলেন। রাত ১২টা ৫ মিনিটের সময় সিএনজি থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেটগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। ট্রাকটিকে পুলিশ আটক করেছে।

ইত্তেফাক/এআই