আমাকে ভেবে এখন চিত্রনাট্য তৈরি হয়: শেফালি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২০

ক্যারিয়ারের শুরু থেকে বেশ কিছু জনপ্রিয় কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন অভিনেত্রী শেফালি শাহ। যার স্বীকৃতিস্বরূপ অর্জনের ঝুলিতে জমা করেছেন একাধিক জাতীয় পুরস্কার। যদিও অনেকেই মনে করেন, সিনেমায় নিজেকে প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ পাননি শেফালি। তবে ওটিটি প্লাটফর্মের বদৌলতে শেফালির ক্যারিয়ারে বিরাট পরিবর্তন এসেছে। 

বলা চলে, এই মুহূর্তে ওটিটি কুইনের জায়গাটি দখলে নিয়েছেন শেফালি। বিগত কয়েক মাসে যে সব ওয়েব সিরিজ বা সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমায় শেফালি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রগুলো দর্শকদের কাছে দারুণ প্রশংসিতও হয়েছে। সেই তালিকায় রয়েছে ‘ডার্লিংস’, ‘জলসা’, ‘হিউম্যান’ -এর মতো প্রশংসিত সিরিজ-চলচ্চিত্র। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে এমি জয়ী ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। মুক্তির পর থেকেই দর্শক-সমালোকদের আলোচনার কেন্দ্রে রয়েছেন শেফালি। 

‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে শেফালি শাহ

নিজের এমন সাফল্যে প্রসঙ্গে শেফালি বলেন, ‘দিল্লি ক্রাইম-এর সাফল্যের পেছনে অন্যতম কারণ মানুষ আমাকে গ্রহণ করতে শুরু করে দিয়েছিলেন। সত্যি বলতে গেলে, আমি যে ধরনের কাজ করতে চাই, ওটিটি প্লাটফর্ম আমাকে সেই ধরনের কাজের অফার দিয়েছে। আমাকে ভেবে এখন চিত্রনাট্য তৈরি হয়। আমার মনে হয় এটা বড় ব্যাপার।’

নিজের দর্শকপ্রিয়তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কখনোই নায়িকা হতে চাইনি। ভালো অভিনেত্রী হওয়ার দৌঁড়ে ছিলাম। দর্শকরা সেই স্বপ্ন পূর্ণ করেছেন।’ 

‘ডার্লিংস’ চলচ্চিত্রে আলিয়া ভাটের সঙ্গে শেফালি শাহ

বলিউডে নায়িকা ইমেজ প্রসঙ্গে শেফালি আরও বলেন, ‘বলিউড নায়িকাদের চেহারা বা ইমেজ পরিবর্তন হচ্ছে। আমার আগেও এই পথে একাধিক নায়িকা হেঁটেছেন। পেছনে তাকালে দেখতে পাবেন, বিদ্যা বলান ডার্টি পিকচার করেছিলেন। তখন কিন্তু সেটা অপ্রচলিত ছিল। একজন বলিউড নায়িকার কাছে যা আশা করা হয় তার বিপরীত কাজ করেছিলেন তিনি। কিন্তু তখন সেটাকে ভিন্ন দৃষ্টিতে দেখা হলেও এখন সেটাই প্রচলিত ধারায় রূপ নিয়েছে।’

ইত্তেফাক/এআই