সাইমন-বুবলীর জন্য গাইবেন সোহেল-শহীদ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৮

বাংলাদেশ সরকারের অনুদানে চলতি বছর দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। একটির নাম ‘চাদর’। এটি নির্মাণ করবেন পরিচালক জাকির হোসেন রাজু। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করবেন সাইমন সাদিক ও নায়িকা শবনম বুবলী।

 বুধবার (৭ সেপ্টেম্বর) এফডিসিতে আনুষ্ঠানিকভাবে তারা দুজন ‘চাদর’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

গল্পের প্রয়োজনে এ ছবিতে থাকছে বেশ কয়েকটি গান। এ গানগুলো লিখবেন পরিচালক রাজু নিজেই। আর এগুলোতে সুর ও সংগীতের দায়িত্ব পেলেন দুই তরুণ সংগীত পরিচালক সোহেল রাজ ও এস আই শহীদ।

জাকির হোসেন রাজু বলেন, ‘আমি সবসময়ই নতুন কিছু ভাবতে চেষ্টা করি। নতুনদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। সেই জায়গা থেকেই সোহেল ও শহীদকে ‘চাদর’ সিনেমায় যুক্ত করা। তারা দুজনই মেধাবী ও ভালো কিছু করার ক্ষুধা নিয়ে ঘুরে বেড়ানো তরুণ। আমার বিশ্বাস যেমনটা চাই তেমনই হৃদয় স্পর্শ করা সুর ও গান তারা এ ছবিতে উপহার দেবেন।’

ছবি: সংগৃহীত

এ ছবিতে কাজ করা প্রসঙ্গে সোহেল রাজ বলেন, জাকির হোসেন রাজু গুণী একজন নির্মাতা। তার সিনেমা দেখে বড় হয়েছি। তার ছবির গানগুলো বরাবরই পছন্দের তালিকায় থাকে। বিভিন্ন সময় সেগুলো কাভার করেছি। এবার সৌভাগ্য হলো তার সিনেমায় গান করার।

এদিকে আরেক সংগীত পরিচালক এস আই শহীদ বলেন, আমি খুবই সৌভাগ্যবান জাকির হোসেন রাজু ভাইয়ের মতো নন্দিত একজন পরিচালকের সিনেমায় কাজের সুযোগ পেলাম। আমি বিএফডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই। কাল তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

এতে সাইমন-বুবলী ছাড়া আরও অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।

ইত্তেফাক/বিএএফ