জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের উন্নয়নে অন্য অঞ্চলের চেয়ে বেশি বরাদ্দ আসবে। গ্রামীণ সড়কসহ খানাখন্দ তৈরি হওয়া সকল সড়ক সংস্কার করার জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেবে। এসময় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কে এম আলী আজম বলেন, সুনামগঞ্জবাসী সমন্বিত প্রচেষ্টায় ভয়াবহ বন্যা মোকাবিলা করেছেন। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রায়ই নানাধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তা সত্ত্বেও এবার সুনামগঞ্জবাসী যেভাবে সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবিলা করেছেন, তা অনুকরণীয় হয়ে থাকবে। বন্যার সময়ে গৃহীত নানা উদ্যোগ বই আকারে সংকলিত করায় তা ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মেকাবিলায় কাজে লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় 'দুর্যোগ থেকে উত্তরণের উপাখ্যান - প্লাবন' নামের একটি সংকলনের মোড়ক উন্মোচন করেন সিনিয়র সচিব কে এম আলী আজম।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, পুলিশ সুপার এহসান শাহ্, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর আশরাফী চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।
