রানির মৃত্যুতে শি'র শোক 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:২১

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বালমোরাল প্রাসাদে মারা গেছেন। তার রাজকীয় বাসভবন বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, 'রানি বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।' রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের বন্যা বইছে। এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রানির মৃত্যুতে রাজা তৃতীয় চার্লসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিটিশ রাজপরিবার,  সরকার ও জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন। 

বহু বছর ধরে হংকংয়ে বসবাসরত আল জাজিরার সাংবাদিক অ্যাড্রিয়ান ব্রাউন বলেন, রানির মৃত্যুর প্রতিক্রিয়া জানাতে চীনের যে সময় লেগেছে তা সম্ভবত দুই দেশের মধ্যে টানাপোড়ান সম্পর্কের প্রতিফলন। 

তিনি আরও বলেন, রানি এলিজাবেথ এমন একটি দেশের সার্বভৌম প্রধান ছিলেন যেটি হংকং ও শিনজিয়াংয়ের পরিস্থিতি নিয়ে গত কয়েক বছরে চীনের সঙ্গে খারাপ সম্পর্কে জড়িয়ে আছে। যদিও রানিকে চীনে গভীরভাবে সম্মান করা হয়। 

চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রানির চেয়েও বেশি কিছু। তিনি একটি যুগের নির্ধারক। ২০২১ সালে যুক্তরাজ্য সফরের কথা স্মরণ করে বাইডেন বলেন, তিনি আমাদের বুদ্ধির দীপ্তি দিয়ে মুগ্ধ করেছিলেন, উদারতা দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছিলেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্য সফরকালে রানির সঙ্গে স্মরণীয় সাক্ষাতের স্মৃতিচারণা করে শোক জানিয়েছেন। সেই সঙ্গে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এলিজাবেথকে দয়ালু হৃদয়ের রানি হিসেবে আখ্যা দিয়েছেন এবং ফ্রান্সের একজন বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি ছিলেন মহান ও সুন্দর একজন নারী। তার মতো কেউ ছিল না। তিনি ছিলেন আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। তাকে মিস করবো। 

নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা এলিজাবেথের স্মরণে বলেছেন, তিনি ছিলেন নিজ সিদ্ধান্তে অবিচল ও জ্ঞানী একজন শাসক। তার প্রতি গভীর শ্রদ্ধা। 

বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিলডি বলেন, তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। রাজত্বজুড়ে তিনি সাহস দেখিয়েছেন। 

  

ইত্তেফাক/এসআর