প্রায় তিন বছর পর আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে ভারত-আফগানিস্তান। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ৬১ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন বিরাট কোহলি। প্রায় ১ হাজার ২০ দিন পর সেঞ্চুরির দেখা পান এই ভারতীয় ব্যাটিং জিনিয়াস। দীর্ঘদিন পর কোহলির এই সেঞ্চুরিতে টুইটারে প্রতিক্রিয়ার বন্যা বইছে।
ভারতের লেগ স্পিনার অমিত মিশ্রা টুইটারে কোহলির ব্যাট উচিয়ে ধরার একটি ছবি পোস্ট করে লিখেছেন, দুশ্চিন্তা, চাপ যাই হোক না কেনো কোহলির মুখে তা সম্পূর্ণ অনুপস্থিত ছিল। পুরো মাঠে আত্নবিশ্বাসের সঙ্গে খেলেছেন।
ভারতের ব্যাটার সুরেষ রায়না লিখেছেন, প্রথম টি-২০ সেঞ্চুরি, অনেক খুশি আপনার জন্য। আপনি পুরোপুরি এটার যোগ্য। অনেক শ্রদ্ধা এমন অনবদ্য ইনিংসের জন্য।
পাকিস্তানি পেসার হাসান আলি কোহলিকে মেনশন করে লিখেছেন, গ্রেট ফিরে এসেছেন।
ভারতের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠান কোহলির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১ হাজার ২১ দিন পর! তার প্রথম টি-২০ সেঞ্চুরি। কোহলি এবং ভারতের ক্রিকেটের জন্য দারুণ একটি দিন! আরও সেঞ্চুরি আসবে।
ভারতের আরেক সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, অপেক্ষা শেষ।
এছাড়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স কোহলিকে মেনশন করে লিখেন, আবারও নাচতেছে! কি সুন্দর দৃশ্য।
ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর আমির খানের একটি সিনেমার গানের কিছু অংশ শেয়ার করে লিখেছেন, আজ বিশ্বক্রিকেটে কোহলি।
