‘ব্রহ্মাস্ত্র’ ফাঁস, শঙ্কায় আলিয়া!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:০৮

শুক্রবার ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ও বিগ বাজেটের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। ৫ বছরেরও বেশি সময় ধরে নিরলস সাধনার ফসল অয়ন মুখার্জীর এই সিনেমাটি। পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে অতিলৌকিক চিত্রনাট্যে এ সিনেমাটির মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় ধরা দিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

প্রথমবার একসঙ্গে পর্দায় ধরা দিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট
মুক্তির আগে থেকেই দর্শক-সিনেবোদ্ধারা আশা প্রকাশ করেছিলেন বক্স অফিসে হিট হবে সিনেমাটি। সেই প্রত্যাশার প্রতিফলন মুক্তির প্রথমদিনই চোখে পড়েছে। ২ লাখের বেশি টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। পাশাপাশি গতকাল প্রথম শো থেকেই হল ভর্তি দর্শক সবার নজর কেড়েছে। অনেকদিন পর এত বড় করে শুরু হলো কোনো হিন্দি ছবির বাজার। যদিও ‘থাগস অফ হিন্দুস্তান’-এর পর সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরিতে। ছবির বাজেট ছিল ৪১০ কোটি টাকা। যা উঠবে কি-না, সে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন নির্মাতারা। তবে মুক্তির প্রথমদিনই সেই শঙ্কা দূর করে আশা দেখালো ‘ব্রহ্মাস্ত্র’। দেশটির চলচ্চিত্রবোদ্ধারা মন্তব্য করছেন, ‘চিত্রনাট্য ভালো হলে, ছবি ভালো হলে বয়কট সংস্কৃতি ধোপে টিকবে না। যদিও সিনেমাটির এমন সাফল্যের মাঝে নতুন শঙ্কা তৈরি হয়েছে। যা নিয়ে রীতিমতো কপালে ভাজ পড়েছে নির্মাতা, প্রযোজক-কলাকুশলীদের। 

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার দৃশ্যে রণবীর-আলিয়া
জানা গেছে, মুক্তির ঘণ্টা না পেরুতেই সিনেমাটি অনলাইনে ফাঁস হয়েছে। সিনেমাটি তামিলরকার্স, মুভিরুলজ, ফিল্মজিলা, ১২৩ মুভিজ, টেলিগ্রাম ও টরেন্টোর মতো সাইটে ফাঁস হয়েছে। তাই ইতিবাচক আলোচনা ও অগ্রিম বুকিং থাকার পরও বক্স অফিসে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। কারণ এর আগে রণবীরের ‘শমশেরা’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’সহ অনেক সিনেমা এই সাইটগুলোতে ফাঁস হয়েছিল। যার নেতিবাচক প্রভাব সিনেমাগুলোর আয়ের ওপর পড়েছিল। সেই জায়গা থেকে ‘ব্রহ্মাস্ত্র’ সাড়া জাগিয়ে লসের মুখ দেখবে না, এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা দাবি করছেন, অনলাইনে ফাঁস হওয়ায় কিছুটা শঙ্কা থাকলেও দর্শকদের যে উন্মাদনা রয়েছে তাতে নেতিবাচক প্রভাব পড়ার কোনো লক্ষণ নেই। 

উল্লেখ্য, সিনেমাটিতে রণবীর-আলিয়া ছাড়া আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনসহ অনেকে। এছাড়াও সিনেমাটিতে শাহরুখ খানও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

ইত্তেফাক/এআই