ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি কমপ্লেক্সে মঞ্চস্থ হচ্ছে পুরস্কারপ্রাপ্ত আর্টস কোম্পানি (শিল্প গোষ্ঠী) কমলা কালেক্টিভের নতুন নাটক ‘নীল ছায়া’ (ইন্ডিগো জায়ান্ট)।
গত ৮ সেপ্টেম্বর থেকে দর্শকরা কমলা কালেক্টিভের কৃতি থিয়েটার শিল্পীদের পরিবেশনায় নাটকটি দেখতে পাচ্ছেন। আজ নাটকটির শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘নীল ছায়া’ প্রখ্যাত লেখক ও নাট্যকার দীনবন্ধু মিত্রের কালজয়ী নাটক ‘নীল দর্পণ’ থেকে অনুপ্রাণিত। মূল রচয়িতা বেন মাসগ্রেভের নাটকটি বাংলায় অনুবাদ ও প্রযোজনা করেছেন লীসা গাজী। নাটকটি দর্শকদের ব্রিটিশ শাসনের ফেলে আসা ইতিহাসের কথা আরেকবার স্মরণ করিয়ে দেবে যে, শাসন-শোষণে জর্জরিত হয়েছিল অসংখ্য বাঙালি। নাটকটি পরিচালনায় রয়েছেন নায়লা আজাদ এবং অভিনয় করছেন কাজী নওশাবা আহমেদ, মো. সোহেল রানা, শরীফ সিরাজ, ড. সাইদুর রহমান লিপন, মাহমুদুর রহমান মুক্ত, মিতালী দাস, সাদমান সাইদ, শিপ্রা দাস রোমা ও শিশির রহমান।
পৃষ্ঠপোষক এবং মঞ্চনাটক প্রেমীদের নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়ে লীসা গাজী বলেন, ‘এটি বাঙালি এবং ব্রিটিশ থিয়েটার শিল্পীদের সংলাপ থেকে বাস্তব রূপে এসেছে। উনিশ শতকের সাড়া জাগানো বাংলা নাটক নীল দর্পণের সঙ্গে বর্তমানকালেও টিকে থাকা দাসবৃত্তিক মানসিকতা ও বহুজাতিক বাণিজ্যের মধ্যে যোগসূত্র ঘটানোই নীল ছায়া নাটকটির উদ্দেশ্য।’
