এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ। বেশ নির্ভার থাকার কথা অস্ট্রেলিয়ার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের আগে একটি দুঃসংবাদই পেলো অজিরা। চোটে পড়ে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। এদিকে, সামনে ব্যস্ত সূচি থাকায় ওপেনার ডেভিড ওয়ার্নারকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিবৃতিতে বলা হয়েছে, ‘সাইড স্ট্রেইন ইনজুরির কারণে চ্যাপেল-হ্যাডলি সিরিজের শেষ ওয়ানডে খেলা হচ্ছে না স্টোয়নিসের। তাকে আপাতত পার্থের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। এই মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই তাকে দলে ফেরাতে চায় টিম ম্যানেজমেন্ট।’
স্টোয়নিসের বদলি হিসেবে অজিদের হয়ে এর আগে তিন ওয়ানডে খেলা পেসার নাথান অ্যালিসকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
স্টোয়নিস ছাড়াও ক্যাঙ্গারুদের সামনের ম্যাচে আসছে আরও একটি পরিবর্তন। সামনে প্রায় বছরখানেক ধরে অস্ট্রেলিয়া দলের ব্যস্ত সূচি। টানা খেলার ধকল সামলাতে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম প্রক্রিয়া হিসেবে ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়া হয়েছে শেষ ওয়ানডে থেকে।
এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচই হতে যাচ্ছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ক্যারিয়ারের শেষ ওয়ানডে। শনিবার এক বিবৃতি দিয়ে এই সিরিজ শেষেই ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান ক্যাঙ্গারুদের হয়ে ২০১৫ বিশ্বকাপজয়ী এই ওপেনার।
