উলিপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেত থেকে ফরহাদ মিয়া (১০) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উলিপুরের পাতিলাপুর মিয়াপাড়া গ্রাম থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়। 

উলিপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার। ছবি- ইত্তেফাক

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নুর আলম মিয়ার ছেলে ফরহাদ মিয়া গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শুক্রবার এলাকায় মাইকিং করে। শনিবার সকালে নিহত শিশুর বাড়ি থেকে দুইশ গজ দুরে এক মহিলা কচুশাক তুলতে গিয়ে আমন ক্ষেতে অর্ধগলিত একটি শিশুর লাশ দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে ওই শিশুর পরিবারের লোকজন এসে ফরহাদ মিয়ার লাশ শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। নিহত ফরহাদ মিয়া খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। 

শিশু ফরহাদের মা ছাবিনা ইয়াসমিন জানান, পারিবারিকভাবে কারও সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার চান তিনি। 

দলদলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ লজ জানান, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ইত্তেফাক/এমএএম