ইন্টারপা সম্মেলন ১২ সেপ্টেম্বর শুরু 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৩

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস (ইন্টারপা)-এর ১১তম বার্ষিক সম্মেলন আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।

ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইন্টারপা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ডিজিটালাইজেশন অব পুলিশিং’ প্রতিপাদ্যে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হবে। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা ১৩টি পেপার উপস্থাপন করবেন।

৫৯টি দেশের ৭৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারপা এ সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করবে বলে রেক্টর জানান। 

দ্বিতীয় দিন সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তারা রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।

ইত্তেফাক/এএএম