নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ রেজা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায়। তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের পূর্বঢালে।
কাঁচপুর শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ রেজা ঢামেক এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত গাড়ি চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
