চট্টগ্রামের রাউজানের সর্ত্তার খাল দিয়ে অবৈধ উপায়ে কাঠ পাচারকালে ১৩৩ টুকরা সেগুন ও গামারি গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। সেইসঙ্গে কাঠ পাচারের দায়ে এক পাচারকারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কাঠ পাচারকারী মো. তৌহিদ পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের বাসিন্দা।
রোববার (১১ সেপ্টেম্বর) রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুন হাট এলাকায় সর্ত্তা খালে অভিযান পরিচালনা করেন।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার বলেন, ‘সর্ত্তা খাল যোগে অবৈধ উপায়ে কাঠ পাচারের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ১৩৩ পিস সেগুন ও গামারি কাঠের গুড়ি জব্দ করা হয়। জব্দকৃত কাঠ বন কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়। সেইসঙ্গে কাঠ পাচারের দায়ে বন আইনে পাচারকারীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বন ও পরিবেশ সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে।’
