গত ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। এই কিংবদন্তিকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার, বন্ধু-স্বজন, ভক্ত-শুভাকাঙ্ক্ষিরা। গুণী এই গীতিকবি ও চলচ্চিত্র পরিচালক স্মরণে আজ বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
স্মরণসভায় উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া সদ্যপ্রয়াত গীতিকবির পরিবারের সদস্য ও দেশের সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই কীর্তিমানকে স্মরণ করবেন।
গীতিকবি সংঘ বাংলাদেশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও উপস্থিত থাকবেন গীতিকবি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি লিটন অধিকারী রিন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেন। গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনা করেও সুনাম কুড়িয়েছেন তিনি। ভূষিত হয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারসহ শতাধিক পুরস্কার ও সম্মাননায়। ৬ দশকের ক্যারিয়ারে প্রায় ২০ হাজার গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার।
