ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শো-রুমে আগুন লেগে আটজন মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই বাড়ির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শো-রুমে কিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে। এ সময় ২৪ জন সেখানে আটকে পড়েছিলেন। বাকিদের উদ্ধার করা হয়েছে বলেই জানা গেছে। দমকল কর্মীরা মই ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
হায়দরাবাদ নর্থ জোনের অতিরিক্ত ডিসিপি বলেন, ‘শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। শো-রুমের উপরে একটি লজ ছিল, সেখানে অনেকেই আটকে পড়েছিলেন। সেখানে কয়েকজনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চলছে।’
