চাল চুরির অভিযোগে যুবলীগ সভাপতির ডিলারশিপ বাতিল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৯

চাল চুরির অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করেছে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান।

ডিলার ফিরোজ মিয়া বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।

জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ মিয়া সুবিধাভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরের চাল ৩০ কেজি চালের টাকা নিয়ে ২৬-২৮ কেজি করে চাল দেওয়ার বিষয়টি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। বিষয়টি তদন্ত করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় ফিরোজ মিয়ার ডিলারশীপ বাতিল করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। একই সময় তার গুদাম থেকে ২৭৫ বস্তা চাল উদ্ধার করে।

এ বিষয়ে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ মিয়া জানান, ‘আমার কপাল খারাপ। আমি ষড়যন্ত্রের শিকার’।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, উদ্ধার করা চালগুলো পার্শ্ববর্তী ডিলারের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা জানান, প্রাথমিকভাবে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। পরবর্তীতে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/বিএএফ