ঢাকায় মানববন্ধনে যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:০৪

ঢাকায় মানববন্ধনে যাওয়ার পথে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ৬৩ বাসিন্দাকে আটক করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার জন্য দু’টি বাসে যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র বণিক কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম-পরিচয় জানায় যায়নি। 

জানা গেছে, জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার বাসিন্দাদেরকে উচ্ছেদের পরিকল্পনার প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার জন্য দুটি বাসে চড়ে যাচ্ছিল তারা। পুলিশ খবর পেয়ে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে তিনটি বাস থামানোর জন্য চেষ্টা করলেও দু’টি বাস আটক করতে সক্ষম হয়। এ সময় ওই দু’টি বাস থেকে ৬৩ জনকে আটক করা হয়। 

এদিকে নাম না প্রকাশ করার শর্তে অনেকে জানান, ঢাকায় সংবাদ সম্মেলন করতে যাওয়ার সময় আটকৃতের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং ঢাকায় সংবাদ সম্মেলন করতে যাওয়ার ঘটনাটি বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, ‘আটক ৬৩ জনের মধ্যে ২২ জনকে আদালতে চালান দেওয়া হয়েছে। বাকিদের থানায় রেখে যাচাই-বাছাই চলছে। পরে তাদের ছেড়ে দেওয়া হবে।’

ইত্তেফাক/এএএম