কোনো জমি অনাবাদি না রেখে চাষাবাদ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমির সর্বোত্তম ব্যবহার করতে বলেছেন তিনি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রকল্প দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগেও বিভিন্ন সময়ে এ বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। মিতব্যয়ী হয়ে প্রকল্প যাচাই-বাছাই করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনার আগে জনবলকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি, যেন সরকারি টাকায় কেনা যন্ত্রপাতির সঠিক ব্যবহার পায় জনগণ।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি বাড়বে। এটি অক্টোবরে কমতে শুরু করবে। কেননা রোপা আমনসহ বোরো ধান উঠবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আশা করছি আরো কমবে। তবে মূল্যস্ফীতির তথ্য আরো দুই-এক দিন পর প্রকাশ করা হবে।
মেট্রোরেলের ভাড়া নির্ধারণ বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের বলেন, এর রক্ষণাবেক্ষণ, পরিচালন যে খরচ হবে তাতে করে বেশি ভাড়া নির্ধারণ করা হয়নি। তবে এর পরেও এ খাতে ভর্তুকি দিতে হতে পারে। ভারতের মেট্রোরেলের ভাড়া বাংলাদেশের চেয়ে কম এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, তারা যে বহু আগে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু বর্তমানে এ ধরনের প্রকল্পে খরচ অনেক বেশি। সেজন্য তুলনা করা ঠিক হবে না।
একনেক বৈঠকে মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি সংশোধিত। নতুন প্রকল্পে বরাদ্দ এবং সংশোধিত প্রকল্পে বাড়তি বরাদ্দ মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা ভারতীয় ঋণ রয়েছে।
সভায় কুমিল্লা ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চর কাউয়া) হতে ভোলা (ইলশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন হয়েছে। এছাড়া চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ্? আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়ার সক্ষমতা বৃদ্ধি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১৪ কোটি ৭৯ লাখ টাকা। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীনে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ৩৪ লাখ টাকা। রেলপথ মন্ত্রণালয়ের অধীনে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ) প্রকল্পে ৪র্থ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে একই সভায়।
