কৃষ্ণা-স্বপ্নারা যেন অসাধ্য সাধন করে ফেলেছেন। আগের ১০ দেখায় যেখানে ভারতের বিপক্ষে জয়ের মুখ দেখেনি বাংলাদশের মেয়েরা, সেখানে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ভারতকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে বাঙ্গালদেশ। সাফের মঞ্চেও আগের ৬ দেখায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিলো একটি ড্র, সেখানে কাল সাবিনা-সানজিদাদের সামনে যেন পাত্তাই পেলো না ভারতের মেয়েরা।
বাংলাদেশের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে সাফের সেমিফাইনালে উঠেছে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ অন্য গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল। তবে হারের পর বাংলাদেশ নারী ফুটবল দলের ভূয়সী প্রশংসাই করেছেন ভারতের কোচ সুরেন ছেত্রি।
কৃষ্ণার ১টি আর স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের কাছে হারের পর ভারতের কোচ সুরেন ছেত্রি বলেন, ‘বাংলাদেশ আসলেই প্রশংসনীয় একটি ম্যাচ খেলেছে। আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। দলটি নিজেদের পুরো এনার্জি দিয়ে খেলেছে। তারা আজ (মঙ্গলবার) আমাদের হারিয়ে দিয়েছে। এটি আমাদের জন্য খুবই ক্ষতি হয়েছে। তবে আমরা এখনো প্রতিযোগিতায় টিকে আছি।’
এক প্রশ্নের জবাবে সুরেন ছেত্রি বলেন, ‘আমি দিনটিকে খারাপ দিন বলতে চাই না। তবে আমরা খুবই খারাপ খেলেছি। অপরদিকে বাংলাদেশ পূর্নশক্তি দিয়ে খেলেছে। আমাদের দলে বেশ কয়েকটি ব্যক্তিগত সমস্যা দেখা গেছে যার মূল্য আমাদের দিতে হলো।’
ভারতীয় কোচ আরও বলেন, ‘আমরা সব সময় বাংলাদেশকে সমীহ করেছি। যে কারণে আমি সব সময় তাদেরেকে সমমানের বলে এসেছি। আজ তারা পূর্ন সামর্থ্য দিয়ে নিজেদের প্রমাণ করে দিয়েছে। তারা বেশ ভালো একটি ম্যাচ খেলেছে, যার ফল তারা পেয়েছে। অন্যদিকে, আজ (মঙ্গলবার) দলগত ভাবেই আমরা খারাপ খেলেছি। এ জন্য আমি নিজেকেই দায়ী মনে করি। তবে মেয়েদের মধ্যে অনেক কিছুতে ঘাটতি দেখেছি। সামনে সেগুলোর উন্নতি ঘটাতে হবে। অনেক বিষয়ে আলোচনা করতে হবে। আমরা আবারো শক্তি সঞ্চার করে ফিরে আসব।’
