গুলিস্তানে ফের উচ্ছেদ, রাস্তা-ফুটপাত দখল করায় জরিমানা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০২

গুলিস্তান 'রেড জোন' এ ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। বৃহস্পতিবারের এই অভিযানে ২ শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে অস্থায়ী দোকান নির্মাণ করায় ১৪ জনকে ১৪ মামলায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামান এর নেতৃত্বে তৃতীয় দিনের মতো গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখলকারী হকারদের উচ্ছেদ এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর সাড়ে ১২টা হতে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত এই অভিযান চলে।

চৌকি বিছিয়ে ও ব্যানার টাঙিয়ে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা ১৪টি অস্থায়ী দোকানের বিরুদ্ধে অভিযানকালে ১৪টি মামলা দায়ের এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়। অভিযান প্রসঙ্গে ঢাদসিক সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, ‘ঢাকায় আসা যানবাহনগুলো যেন মেয়র হানিফ ফ্লাইওভারসহ এই এলাকায় সহজেই চলাচল করতে পারে এবং জনসাধারণের চলাফেরা যেন নির্বিঘ্ন রাখা যায়, সেজন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গুলিস্তান রেড জোনে এই উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে’।

ইত্তেফাক/এসসি