টেকনাফ পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী নয়ন শর্মা। তার বাড়ি টেকনাফ উপজেলায়। কিন্তু চট্টগ্রামের এক মাদক মামলায় কারান্তরিণ তিনি। কারাবন্দী থেকেই পরীক্ষা দেওয়ার আবেদনে কক্সবাজার জেলা কারাগারে বসেই তাকে এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে প্রশাসন। কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হওয়া এসএসসি পরীক্ষায় কক্সবাজার জেলা কারাগারের কক্ষেই পরীক্ষায় অংশগ্রহন করেন নয়ন।
চট্টগ্রামের সাতকানিয়া থেকে ইয়াবাসহ আটক হওয়ার পর থেকেই চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন নয়ন।
কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বলেন, নয়নের বাড়ি টেকনাফ উপজেলায়। টেকনাফ পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। কিন্তু ইয়াবা নিয়ে আটক হওয়ায় তিনি চট্টগ্রাম জেলা কারাগারে বন্দী ছিলেন। তবে নয়ন পরীক্ষা দিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। তার আবেদন গৃহিত হয়। এরপর চট্টগ্রাম থেকে তাকে কক্সবাজার কারাগারে এনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জেল সুপার আরো বলেন, নয়নকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার আনা হয়। তার জন্য বিশেষ একটি পরীক্ষার হল প্রস্তুত করা হয়।
এর আগে সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। যার সাথে ছিলো পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেন নয়ন।
এটাই প্রথম নয়, কক্সবাজার জেলা কারাগারে এর আগে আরো অনেক বন্দি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
