'‘সিদ্ধার্থ মালহোত্রা’ হাজারো তরুণীর হৃদয়ে আলোড়ন তুলতে নামটিই যথেষ্ট। সঙ্গে যদি যুক্ত হয় ‘অজয় দেবগণ’, তাহলে তো কথাই নেই। বলিউডের ‘শেরশাহ’ ও ‘সিংঘামের’ নতুন সিনেমা ‘থ্যাঙ্ক গড’ আসতে চলেছে আগামী ২৪ অক্টোবর। ইতিমধ্যেই সিনেমার একটি গান ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে মুক্তির আগেই বিপাকে অজয়-সিদ্ধার্থের সিনেমাটি।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা ও সিনেমার পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সিনেমাতে ভগবান চিত্রগুপ্তের উপাসনাকারী কায়স্থ সম্প্রদায়কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মণিকা মিশ্রের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
সিভিল কোর্টের অভিযোগকারী হিমাংশু শ্রীবাস্তবের বক্তব্য রেকর্ড করার জন্য আগামী ১৮ নভেম্বর, ২০২২ তারিখ নির্ধারণ করেছেন ম্যাজিস্ট্রেট।
সম্প্রতি প্রকাশিত ‘থ্যাঙ্ক গড’-এর ট্রেইলার শুরু হয় সিদ্ধার্থর জীবনের এক দুর্ঘটনা দিয়ে। প্রভু চিত্রগুপ্তের ভূমিকায় দেখা যায় অজয়কে। ব্লেজার, প্যান্ট ও শার্টে একেবারে আধুনিক অবতারে প্রভু চিত্রগুপ্ত। সেই পৌরাণিক চরিত্র সিদ্ধার্থের ইহজগতের পাপ-পুণ্যের হিসাব দিতে থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনিই কর্মফল গণনা করে পরলোকে মানুষের অবস্থান নির্ণয় করেন। ছবির তেমন কিছু দৃশ্যে প্রভুকে ছোট করে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘আপত্তিকর শব্দে’র ব্যবহার হয়েছে বলেও দাবি করেছেন অনেকে।
অভিযোগকারীরা মনে করছেন, মুনাফা অর্জন ও টিআরপি বাড়ানোর জন্যই আপত্তিকর দৃশ্যগুলি চিত্রায়িত করা হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচক দিকে প্রভাবিত করে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
