গত মাসে ইসলামাবাদে একটি সমাবেশে একজন নারী বিচারকের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে একটি মামলা করা হয়েছিল। সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশটির আদালত এই অভিযোগ মুছে ফেলার নির্দেশ দেয়। এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের সহযোগী শাহবাজ গিলকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর ২০ আগস্ট ইসলামাবাদে একটি সমাবেশে ইমরান খান এক শীর্ষ পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশন ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।
বক্তৃতার কয়েক ঘণ্টা পর ইমরান খানের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। তিনি ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) মামলাটি চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এই মামলাটির শুনানি করেন।
আদালত সন্ত্রাসবিরোধী আইনের সাত ধারার অধীনে অভিযোগ অপসারণের নির্দেশ দেয়। এই মামলার অন্যান্য ধারাগুলোর কার্যক্রম প্রাসঙ্গিক ফোরামে অব্যাহত থাকবে বলেও রায় দেয় আদালত।
