বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘পাকিস্তানি আমলে ভালো ছিলাম’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকামউল্লাহর এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি শোষণ-শাসনের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন, সংগ্রাম এবং একাত্তরে ৩০ লক্ষ শহীদের আত্মদান ও কয়েক লাখ নারীর ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম-সেই দেশের সঙ্গে বাংলাদেশকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে আরও বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের মাধ্যমে তাদের পাকিস্তান প্রীতি, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আঁতাত এবং মুক্তিযুদ্ধের আদর্শকে মেনে নিতে না পারার মনোবেদনা স্পষ্ট হয়ে উঠে।
ওই বক্তব্যকে দেশবিরোধী চক্রান্ত উল্লেখ করে তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট। আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এখনকার চেয়ে ভালো ছিলাম।’ এরপর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
