নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ জুন ২০১৯, ১৫:৩৯

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর শারমিন আক্তারের (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিল্লী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর এলাকার সোহাগ হোসেনের মেয়ে এবং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বুধবার দুপুরের দিকে বাড়ির লোকজনের অগোচরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় শিশু শারমিন। এক সময় শারমিন পানিতে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এর আগে পরিবারের লোকজন ও স্থানীরা এবং পরে খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়েও শিশুটির কোনও সন্ধান পায়নি।

অবশেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার ভাটিতে উপজেলার তিল্লী এলাকায় শারমিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:  হাসপাতাল থেকে সংসদে অর্থমন্ত্রী, বাজেট উপস্থাপন শুরু

উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর-রশীদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ছোট্ট এই শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, 'শিশুটি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।'

ইত্তেফাক/জেডএইচডি