নিরাপদে দুর্গাপূজা নিয়ে এবারও আশঙ্কা পূজা উদ্যাপন পরিষদের। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিষদের নেতারা।
পরিষদের সভাপতি জে এল ভৌমিক বলেন, ‘এ বছরও সম্পূর্ণভাবে নিরাপদ—এ কথা বলা যাবে না। দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা সচেতন। গত বছরের ঘটনার প্রেক্ষাপটে এ বছর সরকার চাচ্ছে, কোনো অবস্থাতেই যেন কোনো অঘটন না ঘটে। আইনপ্রয়োগকারী সংস্থা গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি সক্রিয়।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, আমাদের ৩২ হাজার ১৬৮টি মন্দিরের সুরক্ষা দেওয়া খুব কঠিন। তাই আমরা এবছর প্রত্যেক মন্দিরে স্বেচ্ছাসেবক নিয়োগ করছি, যারা রাতেও পাহারা দেবে।’
মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার জানান, গত বছর সারাদেশে দুর্গাপূজার সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮ টি। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১৬৮টি। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৪১টি, যা গত বছরের থেকে ৬টি বেশি।
আগামীকাল ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১ অক্টোবর শুরু হবে মূল পূজা। আর ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই পূজা।
