গেল জুনের ভয়াবহ বন্যার সময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম 'প্লাবন' রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই প্লাবনের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) প্লাবনের মা-বাবাকে এই সহায়তা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপহারের ঘরও দেওয়া হবে তাদের।
গত ১৬ জুনের ভয়াবহ বন্যায় জেলাজুড়ে কোথাও দাঁড়ানোর শুকনো জায়গা ছিল না। হাসপাতালসহ উঁচু ভবনে আশ্রয় নিয়েছিলেন বন্যার্তরা। ১৭ জুন ঘরে কোমর সমান পানি। এরমধ্যেই পৌর শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা জমিলা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। স্বামী সুমন মিয়ার সঙ্গে সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের দিকে রওনা হন জমিলা। কিন্তু সড়কে বুক সমান পানি থাকায় তারা আটকা পড়েন। পরে তাদেরকে জেলা প্রশাসক জাহাঙ্গীর তার কার্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসেন। ১৮ জুন (শনিবার) সকাল ১০টায় জমিলার কোলে জন্ম নেয় পুত্রসন্তান।
এরপর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে, প্রধানমন্ত্রী শিশুটির নাম রাখেন প্লাবন। একইসঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে শিশুকে উপহার সামগ্রী পাঠিয়ে দেন তিনি।

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম রাখলেন প্রধানমন্ত্রী