কংগ্রেস সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শশী থারুর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩২

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন এমন জল্পনায় একাধিক নাম সামনে এলেও, প্রতিযোগী হিসেবে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ নিলেন শশী থারুর। কারণ কেরালার সংসদ সদস্য শশী থারুর সভাপতি পদে লড়তে এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কংগ্রেসের জি-২৩ গোষ্ঠী বা বিক্ষুব্ধ ২৩ জন নেতার মধ্যে অন্যতম থারুরই প্রথম নেতা যিনি রাহুল-সোনিয়া গান্ধীর আড়াই দশক সভাপতিত্বের পর দলের ভার কাঁধে নিতে নির্বাচনে লড়ার পথে এক ধাপ এগোলেন। তবে তার লড়াই সহজ হবে না। গান্ধী পরিবারের কেউ শেষ পর্যন্ত না লড়লে, থারুরের মূল প্রতিপক্ষ হতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ও গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অশোক গহলৌত।

সভাপতি পদের জন্য কোনো গান্ধীই প্রতিযোগিতায় নেই, কংগ্রেসের সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা বিরল। বর্তমানে ‘ভারত জোড়ো’ যাত্রার নেতৃত্বে দিচ্ছেন রাহুল। তাকেই সভাপতি পদে বসার জন্য আবেদন-নিবেদনের পর্ব চলছে এখনো। এমনকি গহলৌত নিজে রাহুলকে পদে ফেরার আবেদন জানিয়েছিলেন। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেস সভাপতির পদ সেই যে ছেড়েছেন রাহুল আর সেখানে ফিরতে চাননি তিনি।

জানা গেছে, একটানা ১৯ বছর সভানেত্রীর দায়িত্ব পালন করার পর ছেলে রাহুলের হাতে ভার তুলে দিয়েছিলেন সোনিয়া গান্ধী। ঘটনাচক্রে রাহুলের পদত্যাগের পর আবার সোনিয়াকে অন্তর্বতী সভানেত্রীর ভার নিতে হয়। এখনো তিনি সেই পদেই আছেন। ১৭ অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন।

এদিকে সভাপতি পদের জন্য গহলৌত ও থারুরের লড়াই যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ খোলাখুলিভাবে গহলৌতের সমর্থনে এগিয়ে এসেছেন। বৃহস্পতিবার গৌরব থারুরকে তীব্র কটাক্ষ করেন ও তিনি যে গহলৌতকেই সমর্থন করছেন তা জানিয়ে দেন।

ইত্তেফাক/ইআ