অপহরণের ৯ ঘণ্টা পর আহতাবস্থায় যুবক উদ্ধার, আটক ১

আপডেট : ১৩ জুন ২০১৯, ১৭:২১

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে অপহরণের ৯ ঘণ্টা পর তুহিন হোসেন (২৭) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের দাবিতে তুহিনকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে থানায় নিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত তুহিন সাহেবনগর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাতে নির্যাতন শেষে তুহিনকে অপহরণকারী উপজেলার কামারখালী গ্রামের মাঠে ফেলে যায়।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে তুহিনকে অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহরণের পর রাতেই সন্ত্রাসীরা মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ২ লক্ষ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তুহিনকে কামারখালী গ্রামের একটি নির্জন মাঠে নিয়ে রাতভোর নির্যাতন শেষে ফেলে যায়। পরের দিন (বৃহস্পতিবার) সকালে স্থানীয় কৃষকরা আহত তুহিনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।

আরও পড়ুন: বাজেটে যেসব খাতে ব্যয় ধরা হয়েছে

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ইত্তেফাক/বিএএফ