আসন্ন টি-২০ বিশ্বকাপের অংশ হিসেবে আরব আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারে এসে ৭ রানের জয় পায় বাংলাদেশ। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
শুরুতেই আমিরাতের বোলারদের তোপের মুখে পড়ে টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ওভারেরই ওপেনিংয়ে খেলতে নামা সাব্বির রহমানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১ ওভার শেষে ৫ উইকেটে ৭৭ রান তোলে বাংলাদেশ। তবে, চাপের মুখেও উইকেটের এক পাশ আগলে রেখে সাবলীল ব্যাটিং করে আফিফ হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক নূরুল হাসান সোহানকে নিয়ে গড়েন অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি। আফিফ ৫৫ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। ১৪০ স্ট্রাইক রেটের এই ইনিংসটিতে ৭টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। আফিফের ক্যারিয়ার সেরা ৭৭ রানে ভর করেই ২০ ওভার শেষে ১৫৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
তাই ম্যাচ শেষে চাপের মুখে ব্যাটিংয়েরে বিষয়ে আফিফ বলেন, ‘চাপের মধ্যে ব্যাট করতে আমার ভালোই লাগে। আজ ম্যাচের শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছি। ভালো লাগছে যে সফল হতে পেরেছি।’
এই ম্যাচে আফিফ চার নম্বরে ব্যাট করতে নামে। এর আগে চার নম্বরে ব্যাট করতো মুশফিকুর রহিম। মুশফিক অবসর নেওয়ায় চার নম্বরে ব্যাট করার সুযোগ পান আফিফ। তিনি আরও বলেন, ‘কয়েকজন সিনিয়র না থাকলেও বাড়তি কোনো চাপ অনুভব করিনি। আমরা সব সময় নিজেদের সেরা একাদশ নিয়ে খেলি। আশা করি সামনের ম্যাচেও রান পাব।’
আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মাঠে গড়াবে।
