নিলামে উঠলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া অডিও টেপ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি অডিও টেপ নিলামে তুলেছে ওয়েব কন্টেন্টের কালোবাজার হিসেবে পরিচিত ডার্ক ওয়েব। নিলামে সেই অডিও টেপের ন্যূনতম দাম হয়েছে সাড়ে তিন লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৫২ লাখ ৮৭ হাজার টাকা। পাকিস্তান সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী সোমবার (২৬ সেপ্টেম্বর) বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অসতর্কতা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার ফলেই ফাঁস হয়েছে ১১৫ ঘণ্টার এই অডিও টেপটি।

এআরওয়াই নিউজের প্রতিবেদনে জানা গেছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, পাকিস্তান পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, আইনমন্ত্রী আজম তারার ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার কণ্ঠ ও বিভিন্ন বক্তব্য রয়েছে সেই টেপটিতে।

দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়, প্রথম ক্লিপটিতে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল সম্পর্কে আলোচনা ও পরামর্শ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। অডিও ক্লিপে মরিয়মকে বলতে শোনা গেছে— পেট্রোল ও বিদ্যুতের দাম বাড়ানোর যে ঘোষণা সম্প্রতি অর্থমন্ত্রী দিয়েছেন, তার সঙ্গে তিনি একেবারেই একমত নন। এই প্রশ্নে এমনকি তার দল পিএমএল-এন ক্ষমতায় থাকল কি থাকল না— তাও গুরুত্বপূর্ণ নয় মরিয়মের কাছে। মিফতার নীতির নিন্দা করতেও শোনা গেছে মরিয়মকে।

ফাঁস হওয়া অডিও টেপে পিটিআইয়ের পদত্যাগের বিষয়েও কথা বলতে শোনা গেছে পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতাদের। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ অবশ্য ওই ক্লিপকে বেশি গুরুত্ব দিতে চাননি। ডনকে তিনি জানান, অডিও রেকর্ডিংয়ে এমন কিছু নেই যাতে আতঙ্কিত হতে হবে।

সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নীরবতার কারণে এসব অডিও টেপ যাচাই-বাছাই করা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, যার মূল বিষয় হচ্ছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা।

ইত্তেফাক/ডিএস/এসসি