রংপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী সুরাইয়া আক্তার (১২) নিহত ও ৮ জন আহত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদ মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সুরাইয়া আক্তার (১২) ইকরচালীর কৃষক ভুট্টু মিয়ার ছেলে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, তারাগঞ্জ উপজেলার ইকরচালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বরাতি ব্রিজের কাছে আসলে পেছন থেকে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন ধাক্কায় দেয়। এতে দুমড়ে মুচরে অটোরিকশাটি রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই সুরাইয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা আহত ইকরচালীর মামুন (২৫), রবিউল (২৫), জিন্নাত (৫), খাদিজা খাতুন (৩০), অজ্ঞাত শিশু (১), অজ্ঞাত পুরুষ (৪০), অজ্ঞাত পুরুষ (৬০), অজ্ঞাত নারীকে (২৫) উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদ মোরশেদ বলেন, বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচরে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। রংপুর-দিনাজপুর মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
