কাতারকে দুটি বিশাল পান্ডা উপহার দিচ্ছে চীন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৬

চীন ঘোষণা করেছে, তারা কাতারকে নভেম্বর ও ডিসেম্বরে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ উপলক্ষে দুটি বিশাল পান্ডা উপহার হিসেবে দেবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতারে চীনের রাষ্ট্রদূত ঝো জিয়ান জানান, ২০ নভেম্বর থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের আগে 'সুহেল' ও 'সোরায়া' নামের পান্ডা দুটি আগামী মাসে কাতারে পৌঁছাবে। পান্ডা দুইটি চীনা জনগণের তরফ থেকে কাতার বিশ্বকাপের জন্য উপহার। এটি অবশ্যই চীন-কাতার বন্ধুত্বের একটি নতুন প্রতীক হয়ে উঠবে।

 চীন-কাতার বন্ধুত্বের নতুন প্রতীক
প্রতিবেদনে বলা হয়, চীনের দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করলেও, চীনের কোম্পানিগুলো এই ইভেন্টকে ঘিরে মেগা প্রজেক্ট নির্মাণে জড়িত আছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি চীনে বিতর্কিত শীতকালীন অলিম্পিকে যোগদানকারী কয়েকজন বিশ্ব নেতার মধ্যে একজন নির্বাচিত হয়েছে। এরপর প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে পান্ডা সহযোগিতা চালু করতে প্রস্তুত তিনি।

বেইজিং থেকে আল-জাজিরার সাংবাদিক প্যাট্রিক ফক জানান, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থনে করায় চীন পশ্চিমা দেশগুলো থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ফলস্বরূপ চীন এখন বিশ্বকাপকে পুঁজি করার চেষ্টা করছে।

সুহেল হলো উপসাগরীয় অঞ্চলে দৃশ্যমান উজ্জ্বল নক্ষত্রগুলোর মধ্যে একটির নাম, অন্যদিকে সোরায়া হল প্লিয়েডেস তারকা ক্লাস্টারের আরবি নাম।

 

ইত্তেফাক/ডিএস/এসসি