টানা ৬ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৬:১৬

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। 

এ উপলক্ষে ২ অক্টোবর রবিবার থেকে ৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ও ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় মোট ৬ দিন এই বন্দর দিয়ে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। পূজা শেষে ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর। ছবি- ইত্তেফাক

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শঙ্কর দেব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছে ২ অক্টোবর রবিবার থেকে ৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন শারদীয় দুর্গাপূজার ছুটি। ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৬ দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৮ অক্টোবর শনিবার পুনরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়ীক কার্যক্রম শুরু হবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

ইত্তেফাক/এমএএম