একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।
শোকবার্তায় আইজিপি বলেন, ‘তোয়াব খান দেশের সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। মহান মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে তিনি অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। সে সময় তাঁর অনবদ্য উপস্থাপনায় 'পিণ্ডির প্রলাপ’ নামে প্রচারিত অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় ছিল। তাঁর মৃত্যুতে মিডিয়া জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।’
আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় তোয়াব খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
