ভারতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর উল্টে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, তীর্থযাত্রী বোঝাই একটি ট্রলিকে টেনে নেওয়া ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এসব তীর্থযাত্রী একটি মন্দির থেকে ফিরছিল। এতে আরো ২২ জন আহত হয়েছেন বলে জানা যায়।
খবরে আরো বলা হয়, ট্রাক্টর-ট্রলিতে করে হিন্দু তীর্থযাত্রীরা চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় শোক প্রকাশ করে বলেন, কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি শোক এবং যারা আহত হয়েছেন তাদের জন্যে আমার প্রার্থনা রইল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, কানপুরের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। এ ধরনের যানবাহন লোকজন নয়, মালামাল পরিবহনেই ব্যবহার করা উচিত।
