মিত্রদের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৫:৫০

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন মিত্রদের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে পিয়ংইয়ং-এর কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছে দেশটি। মঙ্গলবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। তবে একইসঙ্গে জানানো হয়েছে, পিয়ংইয়ংয়ের সঙ্গেও আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা খোলা রয়েছে।

এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন। তিনি বলেন, পিয়ংইয়ং স্পষ্টভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার জাপানি ও দক্ষিণ কোরিয়ার সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন। উপযুক্ত ও শক্তিশালী যৌথ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষমতা কমিয়ে দিতে ওয়াশিংটন তার চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এআই