আজ ছিলো বিজয়া দশমী। মর্ত্য ছাড়লেন দুর্গতিনাশিনী। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
সনাতন বিশ্বাসে-বোধনে 'অরুণ আলোর অঞ্জলি নিয়ে উমাদেবীর আগমন ঘটেছিলো। টানা পাঁচ দিন মৃণ্ময়ীরূপে মন্ডপে মন্ডপে থেকে আজ ফিরে গেলেন কৈলাশ শিখরে স্বামী শিবের সান্নিধ্যে।'
বুধবার (৫ অক্টোবর) রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এবং গাইবান্ধার নতুন ব্রিজ থেকে দেবীর বিসর্জনের এই মুহুর্তগুলো ফ্রেমবন্দি করেছেন দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল গনি এবং সাব-এডিটর আবুল হায়াত পুলক।
