নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় বরযাত্রীর গাড়ি, ১ জনের মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২২:৫৯

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলি ব্রিজের কাছে মাইক্রোবাস দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে নিয়াজুল ইসলাম হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলি ব্রিজের কাছে একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে, ৯ বরযাত্রীসহ মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায়। 

এ দুর্ঘটনায় বর নিয়াজুল রক্ষা পেলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের সফিকুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) ঘটনাস্থলেই  নিহত হন।  আহত দুই জনের একজন সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯) এবং অপরজন এক বৃদ্ধা। তারা রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি  এস এম জাহিদ ইকবাল বলেন, নিহতের ঘটনায় কোনো অভিযোগ নেই। নিহতের পরিবার লাশ নিয়ে গেছে। 

ইত্তেফাক/জেডএইচডি