এক জাপানি চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। দুই মাস আগে একটি অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভের চিত্রগ্রহণের সময় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় টাইম্স অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, গত বছর অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে দিয়েছে। সাংবাদিক ও ফটোগ্রাফারদের গ্রেফতার করার পাশাপাশি সম্প্রচার লাইসেন্স বাতিল করছে সরকার।
২৬ বছর বয়সী জাপানি চলচ্চিত্র নির্মাতা তোরু কুবোতাকে মিয়ানমারের দুই নাগরিকের সঙ্গে জুলাই মাসে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে একটি সরকারবিরোধী সমাবেশের কাছে আটক করা হয়।
জান্তার এক মুখপাত্র জানায়, বুধবার (৪ অক্টোবর) রাষ্ট্রীয় নিরাপত্তা এবং শান্তির জন্য ক্ষতিকারক তথ্য ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করে তোরু কুবোতাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উত্সাহিত করার জন্য আরও তিন বছরের সাজা পেয়েছেন।
মিয়ানমারে জাপানের দূতাবাসের একজন কূটনীতিক জানায়, কুবোতার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ১২ অক্টোবর পরবর্তী শুনানি হবে বলে আশা করা হচ্ছে।
